তিন বছরের ছোট মেয়েকে খাবার খেতে দিয়ে বড় মেয়েকে খুঁজতে বেরিয়েছিলেন মা। অনেক খোঁজাখুঁজির পর বড় মেয়েকে পাওয়ার পর যখন ঘরে ফেরেন, দেখেন ঘরের পাশে ছোট মেয়ের লাশ পড়ে আছে।
সোমবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম হিরা খাতুন (৩)। সে বেথুলিয়া গ্রামের হিরু মোল্যার মেয়ে।
হিরার মা বন্যা খাতুন সাংবাদিকদের বলেন, বিকেলে ছোট মেয়ে হিরা ঘুম থেকে উঠে খাবার চাচ্ছিল। তখন তিনি রান্না করে তাকে খাবার খেতে দেন। এর মধ্যে বড় মেয়ের খোঁজ পাচ্ছিলেন না তিনি। হিরাকে খাবার দিয়ে বড় মেয়েকে খুঁজতে বের হন বন্যা। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে যখন বড় মেয়েকে ফেরত পান, তখন দুজন বাড়ি ফিরে দেখেন ঘরের পাশে শিশু হিরার মরদেহ পড়ে আছে। তার মাথায় আঘাত রয়েছে। রক্ত বের হচ্ছিল।
বন্যা খাতুন আরও জানান, তাঁর স্বামী আইসক্রিম বিক্রি করেন। তিনি মাঝেমধ্যেই বাইরে ব্যবসার কাজে চলে যান। স্বামীর সঙ্গে তাঁর ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে প্রায়ই তাঁর শ্বশুর–শাশুড়ি ও দেবররা স্বামীকে মারধর করেন। বন্যা খাতুনের ধারণা, পারিবারিক বিরোধ থেকেই তাঁর মেয়েকে কুপিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।
হিরা খাতুনের চাচি রত্না খাতুন বলেন, ‘আমার স্বামী এবং হিরু মোল্যা একসঙ্গে থাকে। অন্য তিন ভাই আলাদা। শ্বশুর–শাশুড়িসহ ওই তিন ভাই মিলে হিরু মোল্যাকে কয়েক বছর ধরে উচ্ছেদ করার পাঁয়তারা করছে।’
মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন জানান, শিশুর মাথায় কোপের আঘাত রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর বাড়ির কয়েকজন সদস্য পলাতক।
ইতিমধ্যে পুলিশ বিষয়টি উদ্ঘাটন করতে পেরেছে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। ঘটেছেও রহস্যজনকভাবে। নিহত শিশুর কয়েকজন চাচার পরিবারের সদস্যরা পলাতক। সকালেই বিস্তারিত জানানো যাবে।