মরদেহ
মরদেহ

তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও পচে যাওয়া একটি মানুষের মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তাঁরা ক্যানেলের ধারে এগিয়ে যান। সেখানে প্রথমে একটি মাথার খুলি দেখতে পান। পরে পাশের ঝোপঝাড়ে মরদেহের কঙ্কাল পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন। স্থানীয় লোকজনের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়ে থাকতে পারে। মরদেহের মাথার খুলির আশপাশের ঘাসে রক্তের মতো লালচে দাগ দেখা গেছে বলেও দাবি করেছেন স্থানীয় লোকজন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলি ও শরীরের কয়েকটি অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করেছে। ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।