লাশ উদ্ধার
লাশ উদ্ধার

নোয়াখালীতে খালে ভাসছিল বস্তা, খুলতেই মিলল গলাকাটা লাশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি খাল থেকে বস্তাবন্দী এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা আনুমানিক আড়াইটার দিকে বেগমগঞ্জ স্টেডিয়ামসংলগ্ন গণিপুর খালে একটি বস্তা মুখ বাঁধা অবস্থায় ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে ভেতরে এক ব্যক্তির লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, লাশের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তির হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে অনেক মানুষ ভিড় করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত স্থানে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দী করে এখানে ফেলে দেওয়া হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।