পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু

একসঙ্গে বেড়ে ওঠা, শাপলা তুলতে গিয়ে একসঙ্গে মৃত্যু দুই চাচাতো বোনের

এক বছরের ছোট-বড় দুই চাচাতো বোন। একসঙ্গে বেড়ে ওঠা ও একই শ্রেণিতে পড়াশোনা। সকালে বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়েছিল দুজন। পরে দুজনের লাশ উদ্ধার হয় ঘের থেকে।

ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে।

পানিতে ডুবে মৃত দুই শিশু হলো দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তাঁরা দুজন স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা দুপুরে প্রথম আলোকে বলেন, রোববার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। দুজনের কেউই সাঁতার জানত না। দুজনের কোনো একজন আগে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে পরে আরেকজন তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে এক প্রতিবেশী সকাল আটটার দিকে মাছের ঘেরে গিয়ে প্রথমে শিশু সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানায়। এই খবর শুনে পরিবারের সদস্যরা আরেক শিশু লামিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে ওই ঘেরে নেমে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে পানির নিচ থেকে লামিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দুই চাচাতো বোন সমবয়সী হওয়ায় তারা সব সময় একসঙ্গে খেলাধুলা করত।

মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, স্বজনদের আপত্তি না থাকায় পুলিশি ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।