
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে চিনিবোঝাই একটি কার্গো ডুবে গেছে। পণ্যবাহী ওই নৌযানটিতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাইচমার খেয়াঘাট এলাকার ডুবোচরে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, কার্গোটির পাঁচজন মাঝিমাল্লা নিরাপদে আছেন।
উদ্ধার হওয়া কার্গোটির মাস্টার আবুল হাশেম জানান, ওই নৌযানে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার মেসার্স হোসেন ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এসব চিনি নিয়ে যাচ্ছিলেন তাঁরা।
আবুল হাশেম বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁরা নারায়ণগঞ্জের সোনারগা থেকে ভোলার উদ্দেশে রওনা দেন। রাতে চাঁদপুরে অবস্থান করে আজ ভোরে আবারও গন্তব্যে যাত্রা করেন। সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর কাইচমার ঘাট এলাকা অতিক্রম করার সময় আকস্মিক ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি ডুবে যায়। খবর পেয়ে হিজলা নৌ পুলিশের সদস্যরা ট্রলার নিয়ে দুর্ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তাঁদের উদ্ধার করে কিনারে নিয়ে আসেন।
নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে কার্গোটি প্রথমে অর্ধেক ডুবে যায়। পরে জোয়ারের পানি বাড়লে সেটি পুরোপুরি তলিয়ে যায়। কার্গোটির মালিক পক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।