বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে ইঞ্জিনচালিত থ্রি হুইলার উল্টে এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাগর (২১)। সাগর বোয়ালখালীর ফুলপাড়া বহদ্দার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে। এ ঘটনায় ওই থ্রি হুইলারে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। প্রতিদিনের মতো মোহাম্মদ সাগর আজ সকালে ফুল কিনতে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে থ্রি হুইলারটি যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। স্থানীয়ভাবে ওই থ্রি হুইলার টেম্পু নামে পরিচিত। থ্রি হুইলারটি আপেল আহমদের টেক এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে থ্রি হুইলারটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সাগর থ্রি হুইলারের নিচে চাপা পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাগরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।