ককটেল বিস্ফোরণে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়ায়
ককটেল  বিস্ফোরণে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়ায়

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহতের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। ওই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নতুন করে আরও দুজনকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা থেকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন চরবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৪৫) ও গোঠাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে মো. শাকিল (৩৭)। এর আগে বিস্ফোরণে আহত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও নির্বাচনের আগে জামায়াতের পক্ষে কাজ করেন। বিস্ফোরণ যে বাড়িতে হয়েছে, সেই বাড়ির মালিক কালাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. দুলালের ভাই। তিনি চরবাগডাঙ্গা ইউপির চেয়ারম্যান (বরখাস্ত হওয়া, চারটি হত্যা মামলার আসামি ও পলাতক) শহীদ রানা ওরফে টিপুর ঘনিষ্ঠ লোক।

গতকাল ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন।