সেন্ট মার্টিনের জেলেরা পেলেন লাইফ জ্যাকেট, শিশুরা পেল শিক্ষা উপকরণ ও নতুন জামা

সেন্ট মার্টিন দ্বীপের ১৪০ জন অসহায় শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও নতুন জামা বিতরণ করেছে এক্স নটরডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের ১৪০ জন অসহায় শিশুর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ও নতুন জামা এবং ১৮০ জন জেলের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করেছে এক্স নটরডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দ্বীপের ব্লু মেরিন রিসোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এক্স নটরডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জাফর আহমেদ পাটোয়ারী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন এক্স নটরডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ রহমান, সাবেক ইউপি সদস্য আবদুর রহমান প্রমুখ।

সেন্ট মার্টিন দ্বীপের ১৮০ জন জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেছে সংগঠনটি

জাফর আহমেদ পাটোয়ারী ফাউন্ডেশনের বিভিন্ন রকম মানবিক ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা বলেন, দ্বীপবাসীদের প্রধান পেশা মাছ ধরা। কিন্তু বছরের বেশির ভাগ সময় সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ থাকে। তাই জেলেদের পরিবার অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করে। জীবিকার তাগিদে মৃত্যুর ঝুঁকি নিয়ে জেলেরা যখন দিনের পর দিন সমুদ্রে মাছ ধরতে যান, তখন তাঁদের অনেকের সঙ্গে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেটটিও থাকে না। ফলে উত্তাল সমুদ্রে ঝড়ে পড়ে প্রায় সময়ই জেলেরা প্রাণ হারান।

বক্তারা সেন্ট মার্টিনের অসহায় জেলে, এতিম ও শিশুদের মধ্যে প্রয়োজনীয় মানবিক উপহার দেওয়ার জন্য এক্স নটরডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।