
জামালপুরের মেলান্দহ উপজেলায় ১০ বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে থানায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেন। ১ অক্টোবর ওই শিশুকে দুই যুবক ধর্ষণের চেষ্টা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। ভুক্তভোগী ওই শিশু মেলান্দহ উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ অক্টোবর শিশুটি নানির বাড়িতে বেড়াতে আসে। ওই দিন দুপুরে শিশুর নানি ও বাড়ির অন্য সদস্যরা পূজার কেনাকাটা করার জন্য শহরে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে একটি দোকানে যায়। দোকান থেকে ফেরার সময় স্থানীয় দুই যুবক ওই শিশুকে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করেন। তবে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে দুই যুবক পালিয়ে যান।
ওই শিশুর মামা বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। ওই দিন ভাগনিকে বাড়িতে রেখে পূজার কিছু কেনাকাটা করতে শহরে গিয়েছিলাম। এই সুযোগে প্রতিবেশী দুই বখাটে এই ঘটনা ঘটিয়েছে। আমরা গরিব মানুষ, কী করব, সেটা বুঝে উঠতে পারছিলাম না। তাই মামলা করতে দেরি হয়েছে। দুই বখাটেকে গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।