
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকার ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক আছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।
সাইদুল আলম বলেন, ‘মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটি কার বাড়ি, তা আমার জানা নেই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এই বাড়িতে বসবাস করতেন মোজাম্মেল হক। পরে মহানগরীর হায়দরাবাদ এলাকায় একটি বাড়ি করে সেখানে থাকতেন তিনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তদন্ত চলছে।