
গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় ব্যাংকটির বরিশালের এক শাখার সাবেক ব্যবস্থাপককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক আরেকটি ধারার অপরাধে আরও এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মাইদুল ইসলাম। তিনি গ্রামীণ ব্যাংকের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক। আজ মঙ্গলবার দুপুরে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর দণ্ডপ্রাপ্ত মাইদুল ইসলামকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রামীণ ব্যাংকের বামরাইল শাখার ১৭ সদস্যের ১ লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ জানান, মাইদুল ইসলাম ব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালে ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের উজিরপুরের বামরাইল শাখার ১৭ সদস্যের ১ লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৪ সালের ২ জুলাই মামলা করেন।
২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত শেষে দুদক বরিশাল কার্যালয়ের তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত এ মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। আজ দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।