
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তালাবদ্ধ বাড়ি থেকে ষাটোর্ধ্ব দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী নজির আলী (৭০) ও তাঁর স্ত্রী ফরিদা খাতুন (৬০)। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নজির আলী ও ফরিদা খাতুনকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজির আলী তাঁর স্ত্রীসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন। আজ সকালে নজির আলীর স্বজনেরা বাড়িতে এসে দেখেন, বাড়ির বাইরে থেকে তালা দেওয়া। পরে তাঁরা জানালা দিয়ে দেখতে পান, ঘরের ভেতরে ফরিদা খাতুনের লাশ পড়ে আছে। পরে স্থানীয় কাউন্সিলর মো. স্বপন বেলা ১১টার দিকে মুঠোফোনে থানা–পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শৌচাগার থেকে নজির আলীর লাশ ও কক্ষ থেকে ফরিদা খাতুনের লাশ উদ্ধার করেন।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তালা খোলার পর আলমডাঙ্গা থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে আমরাও ভেতের প্রবেশ করি। এ সময় ঘরের ভেতরে ওই গৃহবধূর রক্তাক্ত লাশ ও ঘরসংলগ্ন শৌচাগার থেকে ব্যবসায়ীর লাশ দেখতে পাওয়া যায়। উভয়ের গলা থেকে মাথা পর্যন্ত ওড়নাজাতীয় কাপড় দিয়ে ঢাকা ছিল।’
নিহত দম্পতির জামাতা ওয়াহেদুজ্জামান পুলিশকে জানিয়েছেন, তাঁর শ্বশুরের সঙ্গে জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। পরিবারের সদস্যদের ধারণা, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
লাশ উদ্ধারের খবর পেয়ে দুপুরে পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুয়াডাঙ্গা থেকে যাওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও দুপুর থেকে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। তবে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিআইডি কাজ করছে। সিআইডির কাজ শেষ হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।