
বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর দিয়ে আনা বিভিন্ন মডেলের ১০২টি গাড়ি নিলামে তোলা হচ্ছে। আমদানির পরও নির্দিষ্ট সময়ের মধ্যে না নেওয়ায় ওই গাড়ি নিলামে তুলছে মোংলা কাস্টম হাউস। আগামী ৪ অক্টোবর এ নিলাম অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (নিলাম) মো. রুহুল আমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে এবারের নিলামযোগ্য গাড়ির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, মোংলা বন্দর দিয়ে আমদানি করা এসব গাড়ি ৩০ দিনের মধ্যে ছাড়িয়ে নেওয়ার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা করেননি। তাই নিয়মানুযায়ী নিলামে ওঠানো হচ্ছে এসব গাড়ি। আগ্রহী ব্যক্তিরা অনলাইন ও সিল করা দরপত্রের মাধ্যমে এ নিলামে অংশ নিতে পারবেন। নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশের পর গাড়িগুলো বিক্রি করা হবে। পরে সর্বোচ্চ দরদাতাকে নিলামে ক্রয় করা গাড়ি বুঝিয়ে দেওয়া হবে।
৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম কাস্টমে রাখা বাক্সে দরপত্র জমা দিতে হবে।
নিলামে ওঠা গাড়িগুলোর মধ্যে রয়েছে নিশান, টয়োটাসহ বিভিন্ন ব্র্যান্ডের সেডান, এসইউভি ও মাইক্রোবাস। সেই সঙ্গে ডাম্পট্রাক ও কংক্রিট মিক্সচার মেশিন ট্রাকও নিলামে তোলা হচ্ছে। এ ছাড়া খালি গ্যাস সিলিন্ডারসহ ১০টি লটের আমদানি করা পণ্যও নিলামে তোলা হবে।
কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী বলেন, ২-৪ অক্টোবর ই-অকশনের ওয়েবসাইটে নিবন্ধন করে নিলামে অংশ নিতে পারবেন। অনলাইনে অংশ নিতে দরপত্র কেনার প্রয়োজন নেই। আবু বাসার সিদ্দিকী আরও বলেন, সিল করা টেন্ডারের ক্ষেত্রে ২ অক্টোবর পর্যন্ত ২০০ টাকা অফেরতযোগ্য দরপত্র কেনা যাবে। ৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম কাস্টমে রাখা বাক্সে দরপত্র জমা দিতে হবে।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, মোংলা কাস্টমের মোট রাজস্ব আয়ের ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক থেকে। দীর্ঘদিন আমদানি করা গাড়ি বন্দরে পড়ে থাকলে অন্য পণ্য রাখতে সমস্যা হয়। নিলামপ্রক্রিয়া চালু রাখলে গাড়ি বা অন্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধাও হয়, অন্যদিকে নির্ধারিত সময়ে সরকারের রাজস্ব আদায় সম্ভব হবে।
মোংলা বন্দরের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, ২০২১-২২ অর্থবছরে দেশের সমুদ্রবন্দর দিয়ে ৩৪ হাজার ৭৮৩টি গাড়ি আমদানি করা হয়েছিল। তার মধ্যে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি হয় ২০ হাজার ৮০৮টি, যা দেশে মোট আমদানি করা গাড়ির ৬০ শতাংশ। চলতি অর্থবছরেও এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে দেড় হাজারের মতো গাড়ি আমদানি হয়েছে।