কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি ও অঙ্গসংগঠনের মিছিলে হামলায় আহত এক কর্মীর খোঁজ নিচ্ছেন সংসদ সদস্য আতিক মুজাহিদ। গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি ও অঙ্গসংগঠনের মিছিলে হামলায় আহত এক কর্মীর খোঁজ নিচ্ছেন সংসদ সদস্য আতিক মুজাহিদ। গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

‘আমরা যদি মারাও যাই, সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে লড়েই যাব’

‘আমরা যদি মারাও যাই, বাংলাদেশের সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে লড়েই যাব।’ রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।

আজ শুক্রবার রাত আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতা–কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আতিক মুজাহিদ অভিযোগ করে বলেন, ‘ফুলবাড়ীতে দলের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে হামলার ঘটনা দেশে সন্ত্রাসী রাজনীতিরই বহিঃপ্রকাশ। জুলাই মাস চলছে, শহীদদের রক্ত এখনো শুকায়নি। অনেক আহত কাতরাচ্ছে। তাঁরা জুলাই পদযাত্রায় বের হয়েছেন। একটা ছোট ছেলে জুলাইযোদ্ধা ইন্টারমিডিয়েটে পড়ে, তার চোখ দুটি নষ্ট করে দেওয়া হয়েছে। জুলাই পরবর্তীতে আশা করেছিলাম একটা সুস্থ রাজনীতি হবে। সভ্য দেশের সভ্য রাজনীতি মানুষ চান। কিন্তু এটা কোন ধরনের নৃশংসতা।’

আক্ষেপ করে আতিক মুজাহিদ বলেন, ‘আমাদের মারতে চান, মেরে ফেলেন। আমাদের সবাইকে মেরে ফেলেন। তারপরও আমরা এই অঞ্চলের মানুষের জন্য কাজ করব। আশা করি, সরকারি দলের যারা এটার সাথে জড়িত আছে, তাদের ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। আইনের শাসনের সঙ্গে আছি। দেখি এই সরকার কেমন আইনে শ্রদ্ধাশীল।’

আহত শাওনের শারীরিক অবস্থার বিষয়ে আতিক বলেন, ‘শাওনের অবস্থা খুব ভালো বলা যাবে না। তার ডান চোখে সে ভালোভাবে দেখে না। তার ফ্যামিলিতে বাবা নেই জানি। বলতে পারেন এতিম একটা ছেলে। কোনো কারণ ছাড়াই একটা ছেলেকে এভাবে মারা সভ্য কাজ হতে পারে না।’