গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আজ শনিবার বেলা ১১টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায়
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আজ শনিবার বেলা ১১টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায়

শ্রমিক সেজে সড়ক অবরোধের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা–কর্মীকে গ্রেপ্তারের দাবি পুলিশের

গাজীপুরের কালিয়াকৈরে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মী। শ্রমিক সেজে বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন।

আজ শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের এলাকা থেকে এই ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক পোশাকশ্রমিক পরিচয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বেলা ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময়ে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নন। তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী বলে দাবি করেন তিনি।

ওসি আরও বলেন, মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।