মো. আলভিন
মো. আলভিন

বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলির ঘটনায় ‘সন্ত্রাসী’ বড় সাজ্জাদের ভাগনে গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদে ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যার ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. আলভিন। তিনি বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাগনে।

গত শনিবার রাতে নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে আলভিনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলি চালিয়ে সরোয়ার হোসেনকে হত্যা করা হয়। আহত হন বিএনপি প্রার্থী (বর্তমানে সংসদ সদস্য) এরশাদ উল্লাহসহ আরও পাঁচজন।

নিহত সরোয়ারের বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা ছিল। হত্যার ঘটনায় থানায় মামলা করেন তাঁর বাবা আবদুল কাদের। এতে ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলীসহ সাতজনের নাম উল্লেখ করে ২২ জনকে আসামি করা হয়। আসামিদের একজন মো. আলভিন।

পুলিশ কর্মকর্তারা জানান, আলভিনের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলীর অন্যতম সহযোগী। এর আগে তিনি চট্টগ্রামের আরেক ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবরকে হত্যার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বেরিয়ে সাজ্জাদ আলীর হয়ে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি করে আসছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগী আলভিনকে রিমান্ডে এনে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’