
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তিনি মারা যান।
ওই নেতার নাম আবদুর রাজ্জাক (৪০)। তিনি উপজেলার লাংগুলিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ অক্টোবর সন্ধ্যায় আবদুর রাজ্জাক মোটরসাইকেলযোগে টাঙ্গাইল শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসাইল বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরের দিন রাজ্জাককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমাছ আজাদ প্রথম আলোকে বলেন, গতকাল রাতেই লাশ গ্রামের বাড়ি এসে পৌঁছায়। আজ রোববার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।