কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা মিজান উদ্দিন
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা মিজান উদ্দিন

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। ট্রাকটি মিজান উদ্দিনকে বহন করা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হন। আজ সোমবার বেলা দুইটার দিকে সাহারবিলের মাইজঘোনা এলাকায় বদরখালী-চিরিংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মিজান উদ্দিন চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয় লোকজন বলেন, দ্রুতগতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে।