
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী ‘কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন’ নামের শীতাতপনিয়ন্ত্রিত একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটি ওই সময় ঘাটে নোঙর করা ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি। আজ রোববার সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় কেয়ারী সিন্দাবাদের জাহাজঘাটে ঘটনাটি ঘটেছে।
জাহাজ কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে করে জাহাজটির দ্বিতীয় তলা পুড়ে গেছে। কেয়ারী সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রোববার সকালে নাফ নদীর কেয়ারী সিন্দাবাদের জাহাজঘাটে দুটি জাহাজ নোঙর করা ছিল। এর মধ্যে কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইনে আগুন দেখতে পান এক জেলে। ওই জেলের চিৎকার শুনে আশপাশের লোকজন ও জাহাজের কর্মচারীরা এগিয়ে আসেন। তাঁরা জাহাজে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেয়ারী সিন্দাবাদের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, জাহাজটির দ্বিতীয় তলার ১০টি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজটি কয়েক দিন আগে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে চলাচলের জন্য চট্টগ্রাম ডকইয়ার্ড থেকে টেকনাফে আনা হয়েছে। ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে জাহাজটি রক্ষা করা হয়েছে। দ্বিতীয় তলায় ক্ষয়ক্ষতি হলেও ইঞ্জিনসহ পুরো জাহাজটি রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, চলতি বছরের গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে আয়োজিত এক সেমিনারে পর্যটনসচিব মো. মোকাম্মেল হোসেন সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন। টেকনাফ-সেন্ট মার্টিন, কক্সবাজার-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-সেন্ট মার্টিন—এ তিন নৌপথে ১২টি জাহাজ চলাচল করছিল। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে। চলতি বছরের ৩১ মার্চ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য সাগর উত্তাল ও কালবৈশাখীর আশঙ্কায় তিনটি নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা ও উপজেলা প্রশাসন। ইতিমধ্যে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে আগামী ৮ ডিসেম্বর থেকে আরও একটি জাহাজ চলাচল শুরু হবে। তবে এখনো বন্ধ আছে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল।