সেতুর রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে দুই আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলায় সেতুতে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলা এলাকায় মনিরামপুর-রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে নাহিদ হোসেন ও শিহাব হোসেন উপজেলার রাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে করে মনিরামপুর-রাজগঞ্জ সড়ক দিয়ে মনিরামপুরে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। সড়কের পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তাঁদের দুজনের মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, সেতুতে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে গাছের সঙ্গে আঘাতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।