
দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা মো. আকতারুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে আকতারুলকে আটক করা হয়। আকতারুল দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে। তিনি ওই গুদামের স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোতোয়ালি থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি গুদাম থেকে বিপুল পরিমাণ সার অনুমোদন ছাড়াই বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে খবর আসে। এর পরিপ্রেক্ষিতে ইউএনও, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি প্রতিনিধিদল নশিপুর বিএডিসি সরকারি সারগুদামে অভিযান চালায়। অভিযানে আকতারুলকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সরকারি অনুমোদন ছাড়াই গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে গুদাম থেকে ওই ২২৭ টন সার বিক্রি কথা স্বীকার করেন। একই সঙ্গে সরকারি অনুমোদন ছাড়াই জুলাই থেকে আগস্ট মাসের বিভিন্ন সময়ে বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন (৩৮) ও কাহারোল উপজেলার আনসারুল ইসলাম (৪২) নামের দুই ব্যক্তির কাছে ওই সার বিক্রি করেন। তাঁরা উভয়ে বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার।
বিএডিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নশিপুরে কাঞ্চন ও স্টিল নামের দুটি গুদাম রয়েছে। দুটি গুদামের ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার টন। এতে এমওপি, ড্যাব ও টিএসপি সার মজুত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।