ফেনীতে তালাবদ্ধ বাসা থেকে স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পলাতক

লাশ
প্রতীকী ছবি

ফেনীতে বাইরে থেকে তালাবদ্ধ একটি বাসা থেকে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রোজিনা আক্তার (৪৫)। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ফেনী পৌরসভার একাডেমি এলাকায় সরকার ভবনের নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রোজিনার স্বামী মো. বেলাল পলাতক।

মো. বেলাল ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাত থেকে রোজিনার মেয়ে ও জামাতা বহুবার তাঁর মুঠোফোনে কল করেন। দুই দিন কোনো খোঁজখবর না পেয়ে গতকাল সন্ধ্যায় জামাতা বাসায় গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে অতিরিক্ত একটি চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢোকেন তিনি। সেখানে একটি কক্ষে শাশুড়ির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে ফেনী মডেল থানায় জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রোজিনা আক্তার নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। সরকার ভবনের ওই বাসায় ভাড়াটে হিসেবে তিনি ও তাঁর স্বামী বসবাস করতেন।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ওই মো. বেলালের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।