নিহত অটোরিকশাচালকের লাশ দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক লোকজন। আজ সোমবার দুপুরে নরসিংদী রেলস্টেশনে
নিহত অটোরিকশাচালকের লাশ দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক লোকজন। আজ সোমবার দুপুরে নরসিংদী রেলস্টেশনে

রেললাইনের পাশে ডোবা থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, পরিবারের সন্দেহ হত্যা

নরসিংদী শহরে একটি ডোবায় ভাসছিল অটোরিকশাচালকের লাশ। আজ সোমবার বেলা একটার দিকে শহরের বটতলা এলাকার ডোবা থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। গত রাতে কোনো ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

লাশ উদ্ধার হওয়া অটোরিকশাচালকের নাম রতন মিয়া (৩৫)। তিনি শহরের বানিয়াছল এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শহরের খালপাড় এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন রতন মিয়া।

নিহত রতনের স্ত্রী নূরজাহান বেগম বলেন, তাঁর স্বামী মাদক বিক্রি করতেন এবং প্রায়ই নেশা করতেন। মাদক কেনাবেচা নিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে তাঁর স্বামীর মৃত্যুর বিষয়ে সন্দেহ আছে। যাঁদের সঙ্গে তাঁর স্বামীর শত্রুতা ছিল, এই মৃত্যুর পেছনে তাঁদের ভূমিকা থাকতে পারে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত নয়টার দিকে দুই সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছিলেন রতন মিয়া। বাইরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। রাতে আর বাসায় ফেরেননি। রাতভর তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ দুপুরে বটতলার রেললাইন-সংলগ্ন ডোবায় তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ এসে ডোবা থেকে লাশ উদ্ধার করে। লাশটি ফাঁড়িতে এনে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিজেকে অন্তঃসত্ত্বা দাবি করে নূরজাহান বেগম বলেন, তাঁদের সংসারে ১৫ বছর বয়সী ছেলে ও ১৩ বছর বয়সী মেয়ে আছে। অনাগত সন্তানসহ তাঁদের নিয়ে এখন সংসার কীভাবে চালাবেন, বুঝতে পারছেন না।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির মাথায় আঘাত ও পায়ে ক্ষতচিহ্ন দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময়ে কোনো ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।