
সুনামগঞ্জে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিশেষ ক্ষমতা আইনে থানায় করা একটি মামলার আসামি। সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. রাকাব উদ্দিন, বিএনপির কর্মী ইকবাল হোসেন, জেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী, বিএনপির সমর্থক শামছুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক চৌধুরী, যুবদলের সমর্থক সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও বিএনপির সমর্থক হেনু মিয়া। গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।