গ্রেপ্তার রফিকুল ইসলাম ও শাকিল মিয়া। আজ সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট থানায়
গ্রেপ্তার রফিকুল ইসলাম ও শাকিল মিয়া। আজ সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট থানায়

ধরা পড়ার ভয়ে নদীতে ফেললেন ইয়াবার প্যাকেট, তবু শেষ রক্ষা হলো না

দিনাজপুরের ঘোড়াঘাটে ধরা পড়ার ভয়ে দুই পাচারকারী নদীতে ইয়াবার প্যাকেট ফেলে দিয়েছিলেন। তবে রক্ষা পাননি তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে নদী থেকে ১ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে কুলানন্দনপুর গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথ ঘাট দিয়ে মাদক পাচার হবে—এমন গোপন খবর পায় স্থানীয় মাদক নির্মূল কমিটি। পরে কমিটির কয়েকজন সদস্য ঘাট এলাকায় গোপনে অবস্থান নেন। এ সময় দুই অপরিচিত ব্যক্তি নদী পার হওয়ার জন্য একটি নৌকায় ওঠেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদক নির্মূল কমিটির সদস্যরা নাম-পরিচয় জানতে চান।

একপর্যায়ে তাঁদের মধ্যে একজন (রফিকুল) কোমরের কোঁচড় থেকে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট বের করে নদীর পানিতে ফেলে দেন। বিষয়টি দেখে কমিটির সদস্যরা নৌকা নিয়ে নদীতে ফেলে দেওয়া প্যাকেটগুলো তুলে আনেন। পরে প্যাকেট খুলে ১ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবা উদ্ধারের পর স্থানীয় লোকজন রফিকুল ও শাকিলকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।