দুই আনসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার ৩৮ ঘণ্টা পর মামলা

নরসিংদী বাজারে টহলরত দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে ১০টি গুলিভর্তি ২টি শটগান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
ছবি: প্রথম আলো

নরসিংদী বাজারে দায়িত্ব পালনরত দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে গুলিভর্তি ২টি শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৮ ঘণ্টা পর মামলা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফুন্নাহার লতিফা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলাটি করেন। মামলায় ১৫-১৬ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

এর আগে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের হাড়িদোয়া নদীসংলগ্ন বাজার বণিক সমিতির আনসার ক্যাম্পের সামনে দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে ১০টি গুলিভর্তি ২টি শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই আনসার সদস্য হলেন মো. আনারুল হক ও মো. জাফর ইকবাল। ঘটনার বিস্তারিত জানতে তাঁদের দুজনকে থানায় নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার দিবাগত রাতে বাজার এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনারুল, জাফর, রাশেদ ও আতিক নামের চার আনসার সদস্য। রাত দেড়টার দিকে ১৫-১৮ জন দুর্বৃত্ত একাধিক রামদাসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ধরে। রাশেদ ও আতিক নামের দুই আনসার সদস্য এ সময় পালিয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। পরে দুর্বৃত্তরা আনারুল ও জাফরকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এ সময় দুজনের সঙ্গে থাকা ৫টি রাবার বুলেট ও ৫টি সিসা গুলিভর্তি ১২-বোর পাম অ্যাকশন নামের দুটি শটগান ছিনিয়ে নেয় তারা। পরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাঁদের ফেলে রেখে নদীর পাড় ধরে দুর্বৃত্তরা হেঁটে চলে যায়। খবর পেয়ে রাত দুইটার পর জেলা আনসার ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধারালো অস্ত্র হাতে দুর্বৃত্তরা যেতে শুরু করে। তাদের একজনের হাতে বালুভর্তি লাল রঙের বালতি ও কয়েকজনের হাতে রামদা ছিল। তাদের সবার মুখই কানটুপি ও কাপড়ে ঢাকা ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার ছায়াতদন্ত চালাচ্ছেন র‍্যাব-১১, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। তাঁরা এরই মধ্যে বাজার এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ বলছে, এসব ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। সেখানে দেখা গেছে, আনসার ক্যাম্পসংলগ্ন একটি গলিতে বসে ছিল দুটি কুকুর। রাত ১টা ৩২ মিনিটের দিকে কুকুর দুটি হঠাৎ দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় একটি টর্চের আলো তাদের ওপর পড়তে দেখা যায়। এরপরই একজন একজন করে ধারালো অস্ত্র হাতে দুর্বৃত্তরা যেতে শুরু করে। তাদের একজনের হাতে বালুভর্তি লাল রঙের বালতি ও কয়েকজনের হাতে রামদা ছিল। তাদের সবার মুখই কানটুপি ও কাপড়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ফুটেজটি ঘটনা ঘটানোর পর ফিরে যাওয়ার সময়ের।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই ঘটনায় গতকাল রাতেই থানায় এসে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফুন্নাহার লতিফা। যাচাই-বাছাই শেষে আজ দুপুরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া দুটি অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

জানতে চাইলে আনসারের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, ‘টহলরত দুই আনসার সদস্যের ব্যবহৃত শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ছিনিয়ে নেওয়া অস্ত্রও উদ্ধার হয়নি। ঘটনার পর থেকেই র‍্যাব, পুলিশ, ডিবি ও পিবিআইয়ের একাধিক দল তদন্ত ও অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করছি।’