
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের (৫০) বাড়ি থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে সোনা ও টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নয়াপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।
শাহীনা বেগম দাবি করেন, দুর্বৃত্তরা তাঁর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালংকার লুট করেছে। তবে এ ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
শাহীনা বেগমের ছোট বোন শিউলী বেগম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে সাতজনের একটি দল তাঁদের বাড়ির পেছনের দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তদের একাংশ দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ফেলে। দুর্বৃত্তদের আরেকাংশ বাড়ির প্রতিটি কক্ষে ঢুকে আলমারি, শোকেস ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে টাকা, তিনটি মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে রাতেই পুলিশ ওই বাড়ি পরিদর্শন করে।
শাহীনা বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দলীয় কাজে আমি ঢাকায় ছিলাম। রাতেই খবর পাই বাসায় দুর্বৃত্তরা হানা দিয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। ওই বাসায় আমরা সব ভাই ও বোন থাকি। লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার বাড়ির সব সদস্যের। বিষয়টি পুলিশকে জানিয়েছি। এখন ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি। গিয়েই থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল দিবাগত রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিতের চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।