৩ বছরেও জানা হলো না, মা-স্ত্রী-সন্তানের খুনি কারা?

হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোকেন বড়ুয়ার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা। শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায়
ছবি: প্রথম আলো

তিন বছর আগে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয় কুয়েতপ্রবাসী রোকেন বড়ুয়ার (৩৬) মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের চারজনকে। এত দিনেও রোকেন বড়ুয়ার জানা হলো না, তাঁর মা, স্ত্রী ও সন্তানের খুনি কারা। জানা হয়নি এতগুলো প্রাণ কেড়ে নেওয়ার নেপথ্য কারণ।

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়ায় ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। দুর্বৃত্তরা রোকেন বড়ুয়ার একতলা পাকা বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী মিলা বড়ুয়া (২৫), মা সুখি বড়ুয়া (৭০), ছেলে রবিন বড়ুয়া (৫) এবং বড় ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়াকে (৬) গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আজ রোববার এ হত্যাকাণ্ডের তিন বছর পূর্তি হচ্ছে।

স্থানীয়ভাবে ‘ফোর মার্ডার’ নামে পরিচিতি এই হত্যার পরদিন উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা হয়। কিন্তু তিন বছরেও ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা। আদালতে দাখিল হয়নি অভিযোগপত্র। আগামী ২৮ নভেম্বর আদালতে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ রয়েছে।

আজ শনিবার দুপুরে রোকেন বড়ুয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরে নিহতদের স্মরণে পালিত হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান ‘সঙ্গদান’। প্রতিবেশী ও বিভিন্ন বৌদ্ধবিহারের ধর্মীয় গুরু ও ভিক্ষুরা তাতে অংশ নেন। পাশের একটি চেয়ারে বসা ছিলেন রোকেন বড়ুয়া। চেহারা মলিন। প্রথম আলোকে তিনি বলেন, পৃথিবীতে তাঁর মতো দুঃখী মানুষ আর কেউ নেই। এক রাতেই গলা কেটে নৃশংসভাবে তাঁর মা, স্ত্রী-সন্তানদের হত্যা করা হলো। প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে পরদিন তিনি বাড়িতে ছুটে আসেন। তিন বছর কেটে গেল, অথচ খুনিদের শনাক্ত করা যাচ্ছে না।

মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান

পুলিশ, মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে রোকেন বড়ুয়ার দালান বাড়ির পূর্ব পাশের কক্ষ থেকে তাঁর মা সুখি বড়ুয়া, পশ্চিম পাশের কক্ষ থেকে স্ত্রী মিলা বড়ুয়া এবং মাঝের কক্ষ থেকে ছেলে রবিন বড়ুয়া (৫) ও ভাইঝি সনি বড়ুয়ার (৬) গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ ছাদ দিয়ে নিচে নেমে চারটি মৃতদেহ উদ্ধার করে। ২৬ সেপ্টেম্বর রাতেই নিহত মিলা বড়ুয়ার বাবা শশাঙ্ক বড়ুয়া উখিয়া থানায় হত্যা মামলা করেন।

রোকেন বড়ুয়া বলেন, পৃথিবীতে তাঁর মতো দুঃখী মানুষ আর কেউ নেই

সুরতহাল প্রতিবেদন তৈরিকারী ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উখিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গিয়েছিল। হত্যাকাণ্ডের পর খুনিরা সিঁড়ি বেয়ে দোতলার ছাদে ওঠে, তারপর সেখান থেকে গাছ বেয়ে নিচে নেমে পালিয়ে যায়।

ফারুক হোসেন জানান, বিভিন্ন আলামত জব্দ করা হয়েছিল। চাঞ্চল্যকর মামলা হিসেবে নথিভুক্ত হওয়ায় কিছুদিনের মাথায় তদন্তের দায়িত্ব নেন উখিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

নুরুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, ২০১৯ সালের ৯ অক্টোবর ওই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতদের প্রতিবেশী উজ্জ্বল বড়ুয়া ও রিপু বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেন তিনি। ১৬ অক্টোবর দুজনকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর ১২ ডিসেম্বর পরকীয়া সন্দেহে এবং রোকেন বড়ুয়ার সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তাঁর দুলাভাই অসীম বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। ২৬ ডিসেম্বর অসীম বড়ুয়াকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্য আদালতকে জানানো হয়েছিল।

তিন বছরেও এক পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে না পারা দুঃখজনক এবং উদ্বেগের বিষয়। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ দ্রুত এই হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং খুনিদের পরিচয় জানতে চায়।
প্রজ্ঞানন্দ ভিক্ষু, সভাপতি, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ

পুলিশের তদন্তে অগ্রগতি না হওয়ায় মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়। তদন্তভার পান পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া। তিনি গ্রেপ্তার তিনজনকে কক্সবাজার জেলগেটে ফের জিজ্ঞাসাবাদ করেন। জব্দ করা আলামতগুলো ফরেনসিক ও ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠান। এরপর তিনি বদলি হলে তদন্তের দায়িত্ব পান একই সংস্থার আরেক পরিদর্শক ক্যশৈনু।

ক্যশৈনু প্রথম আলোকে বলেন, তিনিও কক্সবাজার থেকে বদলি হয়েছেন অনেক দিন আগে। তদন্ত কর্মকর্তা থাকার সময় তিনি নিহতের পরিবারের দাবি অনুযায়ী উজ্জ্বল বড়ুয়া, রিপু বড়ুয়া, নিহত মিলা বড়ুয়ার দুলাভাই অসীম বড়ুয়া, অন্তর বড়ুয়া, অসীম বড়ুয়া, বাবুল বড়ুয়া, আনন্দ বড়ুয়া নিতু, ভাগ্যধন বড়ুয়া ও টমটমচালক সোমান্দ বড়ুয়া ওরফে লুধা বড়ুয়া—এই ৯ জনের ডিএনএ পরীক্ষা করে আদালতে প্রতিবেদন জমা দেন।

স্ত্রী ও সন্তানের সঙ্গে রোকেন বড়ুয়ার এ ছবি এখন কেবলই স্মৃতি। তিন বছর কেটে গেল, অথচ খুনিদের শনাক্ত করতে পারছে না পুলিশ

কক্সবাজার আদালতের (উখিয়া) সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই আল আমিন বলেন, মামলার তেমন অগ্রগতি নেই। পরবর্তী শুনানি হবে আগামী ২৮ নভেম্বর। মামলাটি বর্তমানে তদন্ত করছেন পিবিআই পুলিশ সুপার মো. সরওয়ার আলম।

তিন বছরেও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন না হওয়া প্রসঙ্গে পিবিআই পুলিশ সুপার মো. সরওয়ার আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন সন্দেহে রোকেন বড়ুয়ার আত্মীয়স্বজনসহ ৯ জনের ডিএনএ পরীক্ষা করা হয়েছিল। তাতে সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। সময় লাগলেও সত্য শিগগিরই বেরিয়ে আসবে।

বৌদ্ধদের ক্ষোভ

মামলার বাদী শশাঙ্ক বড়ুয়ার বাড়ি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাঁড়িরবিল বড়ুয়াপাড়ায়। স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে তাঁর। নিহত মিলা বড়ুয়া সবার ছোট মেয়ে। মামলার অগ্রগতি নিয়ে শশাঙ্ক বড়ুয়া প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ হচ্ছে না। মামলার অগ্রগতিও কিছুই নেই। গলা কেটে একে একে চারটা প্রাণ শেষ করে দিল, অথচ এত দিনেও খুনিদের পরিচয় শনাক্ত হবে না? এর কারণ বুঝে আসছে না।

খুনিরা ধরাছোঁয়ার বাইরে থাকলে অপরাধীরা উৎসাহিত হবে জানিয়ে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, তিন বছরেও এক পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে না পারা দুঃখজনক এবং উদ্বেগের বিষয়। এই রকম একটা হত্যাযজ্ঞের কোনো কূলকিনারা করতে না পারার ব্যর্থতা কিন্তু আরও দশটা ঘটনার জন্ম দিতে পারে। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ দ্রুত এই হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং খুনিদের পরিচয় জানতে চায়।