গাজীপুরের টঙ্গীর পাখির হাটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২০টি বন্য প্রাণী ও পাখি উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে প্রাণীগুলোকে অবমুক্ত করা হয় গাজীপুরের ন্যাশনাল পার্ক বা ভাওয়াল জাতীয় উদ্যানে। তবে পালিয়ে যান এসব পাখি ও প্রাণী বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা।
পাখির হাটটি টঙ্গীর সেনাকল্যাণ ভবনের এলাকায়। স্থানীয় ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের ঠিক সামনের রাস্তায় প্রতি রোববার বসে এ হাট। এ হাটে বিভিন্ন পাখি ও পোষা প্রাণী বেচাকেনার জন্য গাজীপুর, ঢাকা ও আশাপাশের লোকজন আসেন। প্রতি রোববারের মতো আজও সকাল থেকে বসেছিল হাটটি।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মকর্তা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল থেকেই হাটে বিভিন্ন এলাকার মানুষ আসতে থাকেন। সকাল আটটার আগেই মানুষে ভরে যায় হাট। এর মধ্যে সকাল ১০টার দিকে হঠাৎ হাটে আসেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তাঁদের দেখে হাটে হইচই শুরু হয়। এর মধ্যে কিছু বিক্রেতা অভিযান দেখেই পালিয়ে যান। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ১টি তক্ষক, ১টি বাগডাশ, ৬টি বেগুনি কালিম পাখি, ৮টি ঘুঘু ও ৪টি টিয়া পাখিসহ ২০টি বন্য প্রাণী। পরে বিকেল সাড়ে চারটার দিকে এসব প্রাণী অবমুক্ত করা হয় ভাওয়াল জাতীয় উদ্যানে।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। উপস্থিত ছিলেন বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক ও ভাওয়াল জাতীয় উদ্যান কর্মকর্তা মো. মাসুদ রানাসহ অন্যরা।
নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন–২০১২ অনুযায়ী এসব পাখি ও প্রাণী ধরা, বিক্রি বা পালার উদ্দেশে রাখা অপরাধ। এ আইনের ব্যত্যয় ঘটায় আমরা হাটটিতে অভিযান চালিয়েছি। এসব প্রাণী বিক্রির সঙ্গে যাঁরা জড়িত, আমাদের উপস্থিতি টের পেয়েই তাঁরা পালিয়ে যান। তবে উদ্ধার হওয়া বন্য পাখিগুলো বিকেলে আমরা ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করি।’
নিগার সুলতানা বলেন, ‘এটি (টঙ্গীর হাট) একটি প্রাচীন পাখির হাট। এখানে আমরা প্রায়ই অভিযান চালাই। কেউ এসব অপরাধের সঙ্গে জড়িত থাকলে শাস্তি নিশ্চিত করি।’