
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে দলের আটটি লাগেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ক্রিকেটারের দাবি, গতকাল বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ এবং রাজশাহী মহানগর পুলিশ কাজ করছে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিসিবির একটি কাভার্ড ভ্যান।
জিডিতে মেহেরব হাসান উল্লেখ করেন, কাভার্ড ভ্যানের চালক সজীবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজশাহী আসার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে গাড়ির পেছনের দরজা পরীক্ষা করে তালাবদ্ধ দেখেছিলেন চালক। পরে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে নাশতা করেন তিনি।
গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে কয়েকজন ক্রিকেটারের পাসপোর্ট, আইফোন, ডলার ও কয়েক লাখ নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিল বলে উল্লেখ করা হয়েছে।
জিডির তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক সজীবকে জানান, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা। এরপর পুঠিয়া বাজার পার হওয়ার আগেই নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান সজীব। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সকাল ছয়টার দিকে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর লাগেজ নামাতে গিয়ে আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে।
গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে কয়েকজন ক্রিকেটারের পাসপোর্ট, আইফোন, ডলার ও কয়েক লাখ নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিল বলে উল্লেখ করা হয়েছে।
টনাস্থল নাটোর অথবা রাজশাহীর মধ্যে হতে পারে। এ জন্য রাজশাহী, নাটোর ও রাজশাহী মহানগর পুলিশ একসঙ্গে কাজ করছে।আবুল কালাম আজাদ, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
এ বিষয়ে ক্রিকেটার মেহেরব হাসান কোনো মন্তব্য করতে চাননি। তবে লাগেজ গায়েবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। তাঁদের ভাষ্য, আগামী ১৮ নভেম্বর থেকে রাজশাহীর মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তাঁদের খেলার কথা আছে। এর আগে ব্যক্তিগত মালামাল হারিয়ে যাওয়ার ঘটনায় তাঁরা বিপাকে পড়েছেন।
এ ঘটনায় বিব্রত জানিয়ে রাজশাহী বিভাগীয় দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারের জন্য তারা সমন্বিতভাবে কাজ করছে।’
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল নাটোর অথবা রাজশাহীর মধ্যে হতে পারে। এ জন্য রাজশাহী, নাটোর ও রাজশাহী মহানগর পুলিশ একসঙ্গে কাজ করছে।