
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বলেই আজকে বিভিন্ন খাতে উন্নয়নের ছোঁয়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না। লাখ লাখ গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে। কৃষকেরা সার ও বিদ্যুৎ পেয়েছেন, জীবন দিতে হয়নি। বিএনপির সময়ে সার ও বিদ্যুতের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। গুলি করে তাঁদের হত্যা করা হয়েছিল।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনার প্রশংসার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার আঘাতে আজকে সারা বিশ্বের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। কিন্তু বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে। যেখানে পৃথিবীর বড় বড় রাষ্ট্র মাইনাসে চলে গেছে, আমেরিকা, চীন, ভারত মাইনাসে। বিশ্বের সব দেশেই জিনিসপত্রের দাম দ্বিগুণ বেড়েছে। কিন্তু বাংলাদেশ ভালো আছে। সামনে যেন দেশের মানুষকে দুঃখকষ্ট করতে না হয়, এ জন্য আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা গ্রহণ করেছেন।
বাংলাদেশের স্বাধীনতাবিরোধীরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে দাবি করে জাহিদ মালেক বলেন, যাঁরা এই দেশের স্বাধীনতা চাননি, বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তি চাননি, তাঁরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রীর ওপর গ্রেনেড হামলা ও দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল। সেই গোষ্ঠী হচ্ছে রাজাকার-আলবদর ও বিএনপির-জামায়াত জোট। তাঁরাই এ দেশের স্বাধীনতা চাননি। তাঁরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ বক্তব্য দেন।