রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করে র‍্যাব
রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করে র‍্যাব

৬ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অর্ধশতাধিক ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

দেশের বিভিন্ন এলাকা থেকে পেট্রলবোমা, তাজা ককটেল, হাতবোমা ও ককটেলসদৃশ বস্তু জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত রাজশাহী মহানগর, নওগাঁর বদলগাছী, কুষ্টিয়ার কুমারখালী, বাগেরহাট শহর, মেহেরপুরের গাংনী ও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরে অভিযান চালিয়ে ১২টি পেট্রলবোমা ও ১৫টি তাজা ককটেল জব্দ করেছে র‍্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। আজ বুধবার দুপুরে র‍্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে রাজশাহীতে পৃথক আরেকটি অভিযানে ২৪টি ককটেল ও ৪০টি দেশি অস্ত্র উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, ছোট বনগ্রাম থেকে এসব পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে র‍্যাব ধারণা করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নাশকতা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

এদিকে সাতক্ষীরায় ককটেল ও মাদকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ ভোরে সদর উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর নাম আবু মুসা (৩২)। তিনি রসুলপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

সদর সেনাক্যাম্প জানায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে আবু মুসা নামের একজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে পাঁচটি ককটেল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩টি ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে নওগাঁর বদলগাছী উপজেলায় চারটি পেট্রলবোমা, ছয়টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আক্কেলপুর-বদলগাছী সড়কের পাশে ঝাড়ঘরিয়া মোড় এগুলো জব্দ করা হয়।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঝাড়ঘড়িয়া মোড়ে একটি মুদি দোকানের সামনে সড়কের পাশে একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে একটি কার্টনে চারটি পেট্রলবোমা, ছয়টি তাজা ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম দেখতে পান। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পেট্রলবোমা ও ককটেলগুলো নিষ্ক্রিয় করে এবং বোমা তৈরির সরঞ্জামাদিগুলো ধ্বংস করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, একটি প্লাস্টিকের বস্তায় কার্টনের ভেতরে কে বা কারা এগুলো ফেলে রেখে যায়। খবর পেয়ে সেগুলো জব্দ করা হয়। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো ধ্বংস করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ছয়টি হাতবোমা নিষ্ক্রিয় করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে শহরের হাড়িখালী কাঠেরপুল এলাকার বালুর মাঠে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল। এর আগে গতকাল দিবাগত রাত তিনটার দিকে শহরের কাঠেরপুল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে যৌথ বাহিনী।

র‍্যাব-৬-এর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য ওয়ারেন্ট অফিসার মো. শামসউদ্দিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এগুলো ব্যবহারের পরিকল্পনায় গোপনে মজুত করে রাখে। এগুলো খুবই শক্তিশালী ছিল। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী এলাকায় একটি ভোটকেন্দ্র-সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে ১০টি ককটেল জব্দ করেছে পুলিশ। আজ বেলা ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে একটি দোকানের পেছনে বস্তাভর্তি ককটেলগুলো জব্দ করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা গিয়েছেন। তাঁরা কাজ করছেন। ককটেলগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।

এদিকে ​মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে নয়টার দিকে হিজলবাড়িয়া ঈদগাহের গ্রিলের সঙ্গে একটি লাল শপিং ব্যাগ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখে তাঁরা পুলিশে খবর দেন।

​গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এটি সেখানে রাখা হয়েছে। ​কে বা কারা কী উদ্দেশ্যে রেখেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা; কুষ্টিয়া ও প্রতিনিধি, রাজশাহী; নওগাঁ; বাগেরহাট; মেহেরপুর]