কক্সবাজারে ছিনতাই ঠেকাতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয় লোকজনকে জিম্মি করে দীর্ঘদিন ধরে তাঁরা ছিনতাই করে আসছেন। গতকাল শুক্রবার রাতে শহরের বাইপাস সড়কের জেলগেট, রেস্তোরাঁসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের টেকপাড়ার তানভীর হোসেন (২২), সমিতিপাড়ার মো. সোহেল (২৮), পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল (২০), ইসুলেরঘোনার ইমরান সরোয়ার (২১), বৌদ্ধমন্দির সড়কের সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো. হান্নান (১৯), পিটি স্কুল সমিতিবাজার এলাকার সাইফুল ইসলাম (২৪), টেকপাড়া বার্মিজ মার্কেট এলাকার মো. ইরফান (২০), চৌমুহনীর মিজবাউল হক (২২), রুমালিয়ারছড়ার মো. শাহীন (২২), বাহারছড়ার হাসান মাহমুদ (২৬) ও মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সিহাব উদ্দিন (২৯)।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত সাত দিনে শহরের বিভিন্ন স্থানে ছোট–বড় অন্তত আটটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের বাইপাস সড়কের নতুন জেলগেট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে অস্ত্রের মুখে ব্যাগ, মুঠোফোন ও আংটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ওই ব্যাগের ভেতরে ২ লাখ ৭৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিল। ওই ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।
এর আগে ১৮ জানুয়ারি সকালে শহরের সমিতিপাড়া রাস্তার মুখে (বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাশে) তিন পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মুঠোফোন লুটের অভিযোগে সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ১২ জনের সবাই পেশাদার ছিনতাইকারী এবং পুলিশের তালিকাভুক্ত। প্রত্যেকের বিরুদ্ধে কক্সবাজার সদর, মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে নতুন করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানে দুটি মুঠোফোন, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক উদ্ধার হয়েছে। লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ছিনতাইয়ের কারণে ভ্রমণে আসা পর্যটকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে ভোরে ও সন্ধ্যার পর লোকজন ছিনতাইকারীর কবলে পড়ছেন।