
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ক্ষমতায় থাকা অবস্থায় উখিয়া-টেকনাফে উন্নয়ন করেননি। তিনি শুধু মাদকের চাষ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় বদির নাম পৃষ্ঠপোষক হিসেবে আছে। বর্তমানে ওই আসনের সংসদ সদস্য বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।
রোববার বেলা তিনটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানির মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উখিয়ার কোটবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল করে দলটি।
মিছিল–পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেননি। সারা দেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়িয়ে পরিবহন ভাড়া ও খাদ্যপণ্যের দাম বাড়িয়েছে। পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আরা, উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।