প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে দুমড়ে–মুচড়ে যাওয়া অটোরিকশা
প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে দুমড়ে–মুচড়ে যাওয়া অটোরিকশা

এইচএসসি পরীক্ষার্থীদের অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, চালক নিহত, ৪ পরীক্ষার্থীসহ আহত ৯

এইচএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন চার এইচএসসি পরীক্ষার্থী। পথে প্রাইভেট কারের সঙ্গে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক নিহত হন। এ ঘটনায় চার পরীক্ষার্থীসহ আরও ৯ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালকের নাম মুহাম্মদ এরশাদ (৩৮)। তিনি মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত পরীক্ষার্থীরা হলেন মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. ফাহিম (১৮) ও মো. শামিম। আহত অন্যরা হলেন ইশা আকতার (২৬), মো. আলমগীর (৪৫), রোকেয়া আকতার (৭০), মো. হাসান (৩৫) ও মো. বেলাল (৪৮)। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ২টার দিকে ফটিকছড়িগামী প্রাইভেট কার আর হাটহাজারীমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাটি সড়কে উল্টে গেলে যাত্রী ও চালক চাপা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে হতাহতদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশাচালক এরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত নয়জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, অটোরিকশাচালক ঘটনাস্থলে মারা যান। অন্য আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত অটোরিকশাচালকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।