গ্রেপ্তার মো. সোহরাব হোসেন। আজ সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর থানায়
গ্রেপ্তার মো. সোহরাব হোসেন। আজ সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর থানায়

সন্তানদের সামনে মাকে ধর্ষণের মামলায় সেই আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানার র‍্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে তোলা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় মামলা করেন। মামলায় মো. সোহরাব হোসেনকে (৩৬) একমাত্র আসামি করা হয়।

গ্রেপ্তার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি পানের দোকান চালাতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আশ্রয় দেওয়ার কথা বলে ওই নারীকে তাঁর দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের অভিযোগ ওঠে সোহরাবের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিষয়টি জানিয়ে বিচার চান ওই নারী। বিচার না পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি পানের আড়তে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ভুক্তভোগী নারীর ভাষ্য, কয়েক মাসের বাড়িভাড়া বকেয়া থাকায় গত মঙ্গলবার রাতে বাড়ির মালিক তাঁকে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেন। পরে তিনি সন্তানদের নিয়ে মাওনা চৌরাস্তার উড়ালসড়কের নিচে বসে ছিলেন। এ সময় সোহরাব তাঁর কাছে এসে সমস্যার কথা জানতে চান। আশ্রয় ও টাকা দেওয়ার কথা বলে তাঁকে চৌরাস্তার পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।