তৃতীয় শীতলক্ষ্যা সেতু

উদ্বোধন অক্টোবরে, উচ্ছ্বসিত বন্দরবাসী

প্রতিদিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষাধিক মানুষ নৌকা ও ট্রলারে শহরে যাতায়াত করে। এই ভোগান্তির শেষ হতে যাচ্ছে।উদ্বোধনের অপেক্ষায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু। এই সেতু চালু হলে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে। ছবি: দিনার মাহমুদ

উদ্বোধনের অপেক্ষায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু। এই সেতু চালু হলে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে
 ছবি: দিনার মাহমুদ

নারায়ণগঞ্জ শহর থেকে বন্দর উপজেলাকে আলাদা করে রেখেছে শীতলক্ষ্যা নদী। নারায়ণগঞ্জ শহরের সঙ্গে বন্দরবাসীদের যোগাযোগের একমাত্র বাহন নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার। কিন্তু এসব যানে চলাচল করতে গিয়ে নিত্যদিন দুর্ভোগ পোহান বন্দরবাসী। তবে দ্রুতই এই ভোগান্তির অবসান হতে যাচ্ছে। অক্টোবর মাসেই উদ্বোধন হতে যাচ্ছে ওই এলাকার বহুল প্রত্যাশিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর।

বন্দরের কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিদিন বন্দর উপজেলার লক্ষাধিক মানুষ নৌকা ও ট্রলারে শহরে আসা-যাওয়া করে। যাতায়াতের পথে প্রতিদিনই তাঁদের যেমন ভোগান্তি পোহাতে হয়, তেমনি মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। তাই সেতুটি উদ্বোধনের দ্বারপ্রান্তে থাকায় উচ্ছ্বসিত বন্দর উপজেলার প্রতিটি মানুষ।

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাঁর কাছে সেতু উদ্বোধনের জন্য সম্মতি চাওয়া হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আমরা আশা করছি, অক্টোবরেই সেতু উদ্বোধন করা হবে
এ বি এম আমিন উল্লাহ নূরী, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

উপজেলার রূপালী আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ‘ব্যস্ত শীতলক্ষ্যা নদীতে শত শত কার্গো জাহাজ ও বাল্কহেড চলাচল করে। জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হয় যাত্রীদের। প্রায়ই দুর্ঘটনা ঘটে। ঝুঁকির কারণে বাচ্চাদের নিয়ে সহজে নদী পার হতে চান না অনেকে। সেতু হওয়াতে আমরা বন্দরবাসী খুব খুশি।’

সরেজমিনে দেখা গেছে, মূল সেতুর সব কাজ শেষ। সেতুর পূর্ব ও পশ্চিম দুই পাশে সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। সেতুর পূর্ব পাড়ে টোল প্লাজা নির্মাণের কাজও শেষের দিকে। মূল সেতুর দুই পাশে পথচারীসহ ধীরগতির যানবাহন চলাচলের লেন রয়েছে। কয়েক দিন আগে লেন ও সেতুতে লাগানো হয়েছে ল্যাম্পপোস্ট।

সেতুর প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ জানান, সেতুর ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর ছয় লেন টোল প্লাজা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে নদীর পূর্ব ও পশ্চিম প্রান্তে অ্যাপ্রোচ সড়কে কার্পেটিংয়ের কাজ ও সেতুর টোল প্লাজার কাজ শেষের দিকে। অক্টোবর মাসের শুরুতে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সেতু উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাঁর কাছে সেতু উদ্বোধনের জন্য সম্মতি চাওয়া হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আমরা আশা করছি, অক্টোবরেই সেতু উদ্বোধন করা হবে।’

সেতুটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গেও যোগাযোগ সহজ হবে বলে জানিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। তখন দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহনগুলোকে নারায়ণগঞ্জ শহরে না ঢুকে মদনপুর হয়ে মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু হয়ে যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো তৃতীয় শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর দিয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্পের অনুমোদন হয়। সে সময় সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩৭৭ কোটি টাকা। তখন বলা হয়, এ সেতুর জন্য সৌদি উন্নয়ন তহবিলের (এসএফডি) ঋণ দেবে ৩১২ কোটি টাকা, বাকি টাকা সরকারের। ২০১৩ সালের মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সেতুটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু এই প্রকল্পে পরামর্শক ও ঠিকাদার নিয়োগ দিতেই লেগে যায় সাত বছর। এ কারণে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়াতে হয়েছে।

একরামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, এই সেতু বন্দরবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল। নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়সহ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি। এতে শিল্পায়নসহ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।