
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘নিরপেক্ষ-নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করে এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
আজ শনিবার দুপুরে বরিশাল নগরের সদর রোডে অশ্বিনীকুমার হলসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিভাগীয় পদযাত্রা শুরুর আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিমা রহমান বলেন, ১০ দফা আন্দোলন এখন বিএনপির একার আন্দোলন নয়, এটা এখন দেশের আপামর মানুষের ভাগ্যবদলের আন্দোলন। এই ১০ দফা আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করা হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি; বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে সেলিমা রহমান বলেন, ১০ দফার এই শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ভয় পায়। কারণ, তারা বুঝে গেছে, মানুষ এই অবৈধ সরকারের পতনের দাবিতে ঐক্যবদ্ধ। তাই সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে পাল্টা কর্মসূচি, হামলা, মামলা–নির্যাতনের পথ বেছে নিচ্ছে। কিন্তু এসব করে সরকার পার পাবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান প্রমুখ। এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। তাঁরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সেখানে সমবেত হন।
সমাবেশে সেলিমা রহমান আরও বলেন, সরকার দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষ আজ দিশাহারা। কিন্তু এই ব্যর্থ, লুটপাটকারী সরকারের তাতে ভ্রুক্ষেপ নেই। বাজারে দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরছে। গণতন্ত্র হত্যাকারী এই ভোটারবিহীন সরকার যত দ্রুত বিদায় নেবে, ততই দেশের মানুষের জন্য মঙ্গল হবে। এটা দেশবাসী বুঝে গেছেন। বিএনপির আন্দোলন এখন জনতার আন্দোলনে রূপ নিয়েছে।
সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দখল, লুণ্ঠন, দুর্নীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের ইতিহাস দেশবাসী জানেন, এ ইতিহাস পরিবর্তন করা যাবে না। দেশবাসীকে সঙ্গে নিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি সব জেলা শহরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, বিএনপির এ আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপণ্যের মূল্য কমানোর আন্দোলন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, সরকার বুঝে গেছে, তাদের পায়ের নিচে মাটি নেই। তাই জনগণকে অভিনব কায়দায় দুর্বল করতে বাজারে দ্রব্যের মূল্য বাড়াচ্ছে। এই বর্ধিত মূল্য বাজার থেকে লুটে নিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। কিন্তু এতে শেষ রক্ষা হবে না। বিএনপি এবং জনগণ আজ একাকার, আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই তাদের বিদায় নিতে হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে কর্মসূচিতে মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সদর রোড থেকে পদযাত্রা বের করে মহানগর বিএনপি। পদযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।