
তত্ত্বাবধায়ক সরকার একটি মৃত ইস্যু। মৃত ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলের রাস্তায় নামা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
দীপু মনি বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার আছে। কিন্তু যে ইস্যু মৃত, তা নিয়ে রাস্তায় নামাটা ঠিক নয়। এটা সঠিক কাজ কি না, এটাও তাদের ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা পুরোপুরি মৃত এবং তা বহুদিন ধরেই মৃত। বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে। তারা পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যা সর্বোচ্চ আদালত ও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অনৈতিক ও অযৌক্তিক। যেটাকে আমরা মৃত ইস্যু মনে করি।’
আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে আশাবাদ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, সব সময় জনগণের রায় মেনে নিতে হবে। আওয়ামী লীগ অতীতেও জনগণের রায় মেনে ক্ষমতায় এসেছে। ভবিষ্যতেও জনগণ যে রায় দেবে তা মেনে নেবে।
মন্ত্রী পরে গরিব ও অসহায় নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।