
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭)। তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না। তাঁরা সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা।
নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে তাঁর পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। এ সময় পথে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিতে গিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অপর দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাঁদের উদ্ধার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।