দ্রুত সড়ক সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শহীদ শেখ আবু নাসের সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১টায় খুলনা নগরে
 ছবি: সাদ্দাম হোসেন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আওতাধীন শহীদ শেখ আবু নাসের সংযোগ সড়ক (বাইপাস সড়ক) দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সংযোগ সড়কটির মদিনাবাগ এলাকায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। দ্রুত সড়কটি সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি সংস্কার না হওয়ায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের রোগী ও নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। জনগণ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, এলজিইডি ও কেসিসির রশি টানাটানি দেখতে চায় না। সরকার সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে, অথচ সেই কাজটি না করে একে অপরকে দোষারোপ করছে। আর এতে এলাকার জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত আড়াই কিলোমিটার সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে এলাকাবাসী কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে।


নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিসচার নগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্থানীয় বাসিন্দা এস এম মারুফ হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. ইউসুফ আলী হাওলাদার, মদিনাবাগ আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেন, সহসভাপতি মো. আরিফুর রহমান, আনোয়ার হোসেন, আবু হুয়ায়রা, সহসাধারণ সম্পাদক মো. ফিরোজ, সাবেক সভাপতি মো. রমজান আলী, মো. ইলিয়াস হোসেন প্রমুখ।