সাভারে লেগুনা ও মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল চারজনের

যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। গতকাল শুক্রবার রাতে আশুলিয়া-কলমা সড়কের কলমা এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারে যাত্রীবাহী লেগুনা ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলমা-আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাঁচ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন ফজলুল হক (৪০), নাসির উদ্দিন (৪৫), ফাহিম হোসেন (২১) ও রাজু মিয়া (৩৫)। তবে আহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সাভার থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে লেগুনাটি সাভার থেকে যাত্রী নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে লেগুনাটি আশুলিয়া-কলমা সড়কের কলমা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গেলে ৯ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালের দায়িত্বরত ব্যবস্থাপক (ডিউটি অফিসার) ইউসুফ আলী বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নয়জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এরপর দিবাগত রাত একটার দিকে হাসপাতালের আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত অন্যদের অবস্থাও শঙ্কামুক্ত নয়। তাঁদের চিকিৎসা চলছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রহমান তালুকদার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরপর গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের সবাই লেগুনার যাত্রী। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। নিহত রাজুর লাশ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। বাকি তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।