ছিনতাই
ছিনতাই

সীতাকুণ্ডে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এক নারীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মান্দারীটোলা রাস্তার মাথা এলাকায় বৌদ্ধ মহাশ্মশানের কাছে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রানী শর্মা (৫৮) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা। তিনি মৃত উমেশ শর্মার মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে মহাশ্মশান–সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তাঁর গতিরোধ করেন। তাঁরা সন্ধ্যা রানীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেন। বাধা দিলে তাঁকে মারধর করে পালিয়ে যান।

আহত ব্যক্তির ছোট ভাই সবুজ শর্মা প্রথম আলোকে বলেন, তাঁর বোন ফেনীতে শ্বশুরবাড়ি থেকে গত বুধবার সীতাকুণ্ডে বেড়াতে এসেছিলেন। ঘটনার পর তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই ইউনিয়নে একটি মন্দিরে চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে দক্ষিণ মাহমুদাবাদ চাড়ালকান্দি এলাকায় শ্রী শ্রী শ্যামরাই মহাপ্রভুর আশ্রমের মন্দিরে চুরি হয় বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।

আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রাজিব নাথ বলেন, রাতে ধর্মীয় কার্যক্রম শেষে দুই সেবায়েত ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে ছয়টি পিতলের মূর্তি, প্রায় এক ভরি স্বর্ণালংকার ও ১০ ভরি রুপার অলংকার নিয়ে যায়। ভোরে প্রার্থনার সময় দরজা খোলা দেখে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

ওসি মহিনুল ইসলাম বলেন, মন্দিরে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।