বরিশাল বোর্ডে পাস ও জিপিএ-৫ দুটিতেই মেয়েরা এগিয়ে

আশানুরূপ ফলাফল করায় মুঠোফোনে সেলফি তুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা। বরিশাল নগরের বগুড়া রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: সাইয়ান

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই হ্রাস পেয়েছে। তবে বরাবরের মতো এবারও এই শিক্ষা বোর্ডে পাসের হারে ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে দ্বিগুণ জিপিএ-৫ পেয়েছে মেয়েরা। আজ সোমবার সারা দেশের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এই শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ১৯। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে দশমিক ৫৮। এ ছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২১৯ জন। এবার সে তুলনায় জিপিএ-৫ কমেছে ১৫১টি। শিক্ষা বোর্ড সূত্র বলছে, ২০২০ সালে এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৮২ জন।

তবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, গত বছরের চেয়ে পাসের হার ও ফলাফল কিছুটা কম হলেও তুলনামূলকভাবে ফলাফল নিয়ে তাঁরা সন্তুষ্ট। গত বছর পরীক্ষা সীমিত সিলেবাসে হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ বেশি ছিল। এবার বেশি বিষয়ে পরীক্ষা হয়েছে। এ জন্য পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার যতটুকু কমেছে, সেটা স্বাভাবিক।

আজ বেলা দেড়টার দিকে ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯০০ জন। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। তাদের মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন।

২০২১ সালে এই শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৩ হাজার ৬ জন। তাদের মধ্যে পাস করেছিল ১ লাখ ১ হাজার ৯১৭ জন। এবার এই শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে প্রায় ১৮ হাজার কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পাসের হারে শীর্ষে ভোলা, তলানিতে পটুয়াখালী

ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে দ্বীপ জেলা ভোলা। এই জেলায় পাসের হার ৯২ দশমিক ৫১। আর পাসের হারে একেবারে তলানিতে আছে পটুয়াখালী জেলা। এই জেলায় পাসের হার ৮৪ দশমিক ২৩। পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে পিরোজপুর জেলা। এই জেলায় পাশের হার ৯১ দশমিক ৮৩। আর তৃতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা। বরগুনা জেলায় পাসের হার ৯০ দশমিক ৭৩। এ ছাড়া ৯০ দশমিক ৫৪ পাসের হার নিয়ে চতুর্থ অবস্থানে আছে বরিশাল জেলা। ৮৬ দশমিক ৯৩ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা।

এসএসসিতে আশানুরূপ ফল করায় এক শিক্ষার্থী দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আনন্দ উল্লাস প্রকাশ করছে। বরিশাল নগরের বগুড়া রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে

বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। পরবর্তী অবস্থানে ব্যবসায় শিক্ষা, এরপর মানবিক বিভাগ। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে ৮ হাজার ২২১ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১৯ জন জিপিএ-৫ পেয়েছে। তবে বরিশাল বোর্ডে এবার কেউ পাস করেনি, এমন কোনো বিদ্যালয় নেই।

ছেলেদের  দ্বিগুণ জিপিএ-৫ মেয়েদের

বরিশাল শিক্ষা বোর্ডে অন্যান্য বছরের ন্যায় এবারও গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ১৬ ও ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬। পাশাপাশি ছেলেদের তুলায় মেয়েরা জিপিএ-৫ পেয়েছে প্রায় দ্বিগুণ। মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৮৭ জন, আর ছেলে শিক্ষার্থীরা পেয়েছে ৩ হাজার ৮৮১ জন। বিষয়ভিত্তিক পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

১৪৯ বিদ্যালয়ে শতভাগ পাস

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় ১ হাজার ৪৬৪টি বিদ্যালয়ের মধ্যে ১৪৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ১০০ ভাগ পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪০টি, ভোলায় ৩৩টি, পিরোজপুরে ৩২টি, বরগুনায় ২০টি, ঝালকাঠিতে ১৩টি ও পটুয়াখালীতে ১১টি বিদ্যালয় রয়েছে। এ ছাড়া বোর্ডের আওতায় ৬ জেলায় ১ হাজার ২৯৮টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে এবং ১০০ শতাংশের নিচে পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ১৭টি বিদ্যালয়।