কক্সবাজার সদরের ঝিলংজায় বাঁকখালী নদীতে থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে সদরের বাঁকখালী নদীর সেতুর পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নদী থেকে ফুটবল আনতে গিয়ে গত মঙ্গলবার বেলা একটার দিকে নিখোঁজ হয়েছিল সে।
ওই স্কুলছাত্রের নাম মিজবাহ উদ্দিন (১৪)। সে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে একই উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে মিজবাহ উদ্দিন স্কুলের সাময়িকী পরীক্ষা শেষে বাড়ি ফেরে। পরে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে বাঁকখালী নদীর তীরে ফুটবল খেলতে যায়। একপর্যায়ে ফুটবলটি বাঁকখালী নদীতে পড়ে যায়। এ সময় নদী থেকে ফুটবলটি আনতে যায় মিজবাহ। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে নদীতেই লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
জানতে চাইলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, খবরটি শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।