লাশ
লাশ

শিবালয়ে চাকায় হাওয়া দেওয়া যন্ত্র বিস্ফোরণে একজন নিহত, আহত ৪

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দেওয়া কম্প্রেসর যন্ত্র বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আরিচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মল্লিক (৪৫) শিবালয় উপজেলার শিবালয় নতুন পাড়া এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মাসুদ রানা (৪৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)। তাঁদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবালয় থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে আরিচা ৩ নম্বর ফেরিঘাটের কাছে স্থানীয় আক্কাস আলীর দোকানে হঠাৎ গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসরটি বিস্ফোরিত হয়। এ সময় পাশে থাকা মোহাম্মদ আলী সেটির আঘাতে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা একটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।