বাংলাদেশ পুলিশ লোগো
বাংলাদেশ পুলিশ লোগো

গ্রেপ্তার দেখানোর নির্দেশনা প্রত্যাহার চেয়ে রাজশাহীর ডিআইজিকে আইনি নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের প্রভাবশালী নেতা–কর্মীদের জামিনে মুক্তির পরই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশনা দেওয়ায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। নোটিশে ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

গতকাল সোমবার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী শাহীনুজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে ডিআইজির দেওয়া ওই নির্দেশনা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ ব্যাপারে হাইকোর্টে রিট করা হবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক ‘বিশেষ নির্দেশনায়’ ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা–কর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন করা এবং মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম, তাঁদের জামিনের পরপরই অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) হবে।

তবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যেসব নেতা–কর্মী এ ধরনের সক্রিয় ভূমিকা পালনে সক্ষম নন, তাঁদের ক্ষেত্রে জামিনের পর গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই। রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের (এসবি) উদ্দেশে এ নির্দেশনা পাঠান রেঞ্জ ডিআইজি।

আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির জানান, গতকাল রেজিস্ট্রি করা ডাকযোগে ডিআইজির কাছে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমার যা কিছু করণীয়, সেটা আইনগতভাবেই করব।’ নোটিশ হাতে পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।