২০১৬ সালের নগর আ.লীগের যুগ্ম সম্পাদক হন সাদিক আবদুল্লাহ। তখন থেকেই সবকিছু নিয়ন্ত্রণে নিতে শুরু করেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে উঠেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি এখন নগর আওয়ামী লীগের সবকিছু। তাঁর উত্থানে দলের জ্যেষ্ঠ নেতারা আড়ালে চলে গেছেন। এ নিয়ে অনেকের ভেতরে ক্ষোভ-অস্বস্তি থাকলেও প্রকাশ্যে বলার সাহস দেখান না।
সাদিক আবদুল্লাহ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিটি করপোরেশনের মেয়রও তিনি। তাঁর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি। দলের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নগর আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রায় সবাই আবুল হাসানাতের অনুসারী বলে পরিচিত।
আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা রাজনীতিতে সাদিক আবদুল্লাহর উত্থান সম্পর্কে বলেন, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের (হিরন) জীবিত অবস্থায় আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত ছিল। একটি শওকতপন্থী, অপরটি আবুল হাসানাতপন্থী। ২০১৪ সালের এপ্রিলে শওকতের মৃত্যুর পরই সাদিক আবদুল্লাহ রাজনীতিতে তৎপর হন। শওকতের স্ত্রী জেবুন্নেছা আফরোজ সংসদ সদস্য হলেও সাদিক আবদুল্লাহর উত্থানে কোণঠাসা হয়ে পড়েন শওকতপন্থীরা। ২০১৬ সালের অক্টোবরে মহানগর আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করা হয়। এতে যুগ্ম সম্পাদক হন সাদিক আবদুল্লাহ। তখন থেকেই সবকিছু নিয়ন্ত্রণে নিতে শুরু করেন সাদিক। ২০১৮ সালে তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর শওকতপন্থীদের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। ২০১৯ সালের ডিসেম্বরে মহানগরের সাধারণ সম্পাদক হন তিনি। এখন শহরে ঘুরলে সাদিক আবদুল্লাহর প্রভাব চোখে পড়বে। শহরজুড়ে নেতা-কর্মীদের টাঙানো পোস্টার-ব্যানারে সাদিকের বিশাল বিশাল ছবি।
নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাদিক আবদুল্লাহর স্ত্রী লিপি আবদুল্লাহ, মামা, ফুফাতো ভাইসহ পরিবারের অন্তত চারজন রয়েছেন।
গত নির্বাচনে সদর আসন থেকে সংসদ সদস্য হন কর্নেল (অব.) জাহিদ ফারুক। এরপর মহানগরের রাজনীতিতে নতুন বলয় সৃষ্টি হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জেলা আওয়ামী লীগের সহসভাপতি। মহানগরের কোণঠাসা নেতা-কর্মীরা তাঁর পক্ষে অবস্থান নেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে মেয়রের বিরোধ প্রকাশ্যে আসে গত বছরের আগস্টে। প্রতিমন্ত্রীর সমর্থনে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা হয়। ওই ঘটনায় সাদিক আবদুল্লাহসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলা হয়। এর পরের মাসে সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর ও আওয়ামী লীগ সাবেক কয়েক নেতা ঢাকায় জাহিদ ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন। নগরের উন্নয়ন ও দলীয় কর্মকাণ্ডে তাঁরা প্রতিমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন চান।
প্রতিমন্ত্রীর বলয়ে থাকা এক জনপ্রতিনিধি নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, ‘এক ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বরিশালের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের বঞ্চিতরাও উন্নয়নের জন্যই প্রতিমন্ত্রীর সঙ্গে আছেন।’
দলীয় সূত্রে জানা যায়, ১০ জন কাউন্সিলর বর্তমানে প্রতিমন্ত্রীর সঙ্গে আছেন। তাঁদের মধ্যে সাতজন গত জানুয়ারিতে মেয়র সাদিক আবদুল্লাহকে আইনি নোটিশ দেন। তাতে বলা হয়, সরকার কাউন্সিলরদের সম্মানী ও অন্যান্য ভাতা ৫০ হাজার টাকা করেছে। অথচ নোটিশদাতাদের আগের মতো ৪৩ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে সাদিক আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘যিনি নেতৃত্বে থাকেন, তাঁর উপস্থিতি বেশি চোখে পড়বেই। সাদিক আবদুল্লাহকে ঘিরে মহানগর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে। যেসব কাউন্সিলর প্রতিমন্ত্রীর সঙ্গে আছেন, তাঁরা দলের কোনো পদপদবিতে নাই। তাঁদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথাও নাই।’
এক যুগ পর গত ২২ জুলাই মহানগর ছাত্রলীগের ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। পরদিন থেকেই লাগাতার কর্মসূচি পালন করেন ‘পদবঞ্চিত’ পক্ষের নেতা-কর্মীরা। দলীয় সূত্র বলছে, বিক্ষোভকারীরা জাহিদ ফারুকের অনুসারী। পদ পাওয়া সবাই সাদিক আবদুল্লাহর অনুসারী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নেই। সেখানেও প্রতিমন্ত্রী ও মেয়রের অনুসারী দুটি পক্ষ সক্রিয়। গত ৫ জুলাই সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি।
নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজালুল করীম বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি। গত ২৭ আগস্ট নগর আওয়ামী লীগের বিশেষ সভায় আফজালুলের সঙ্গে সাদিক আবদুল্লাহর বাগ্বিতণ্ডা হয়, যার সূত্রপাত হয়েছিল ইউএনওর বাড়িতে হামলার সেই ঘটনা নিয়ে। একপর্যায়ে আফজালুলের উদ্দেশে সাদিক আবদুল্লাহ বলেন, ‘আপনি কেন এক পক্ষে বলতেছেন? আপনি তাইলে ডিসি-ইউএনওর সঙ্গে যাইয়া পার্টি করেন, আমাদের সঙ্গে সংগঠন করার দরকার নেই আপনার।’
এ ঘটনাকে দলের অভ্যন্তরের ব্যাপার উল্লেখ করে আফজালুল করীম প্রথম আলোকে বলেন, ‘সবাইকে সামনে আসতে হবে—এমন নয়। মহানগরের নেতৃত্বে যাঁরা আছেন, তাঁদের উপস্থিতি একটু বেশি থাকে।’
প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গত বছরের ২৮ সেপ্টেম্বর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমানকে ফোন দিয়েছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর। সেই কথোপকথনের ফাঁস হওয়া রেকর্ডে জিয়াউরকে বলেত শোনা যায় বলেন, ‘ও (সাদিক) আমাদের যে অবস্থায় রাখছে, তাতে আমাদের মাইরা ফালানো ভালো। বহুত সহ্য করছি ওর অপমান–অপদস্থ, লেবারের সামনে বসে আমাদের অপমান করে। বেয়াদবের লগে আমাগো ডাইক্কেন না।’
জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন দল ক্ষমতায়, কিন্তু দলে আমাদের জায়গা হয় না। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রথম আলোকে বলেন, মহানগরে আওয়ামী লীগের রাজনীতি অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক। সিদ্ধান্ত একজন ব্যক্তি নিচ্ছেন, সবাইকে নীরবে তা মানতে হচ্ছে। দলের যাঁরা পুরোনো, তাঁদের নানাভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। এটি আওয়ামী লীগের জন্য কোনো ভালো লক্ষণ নয়।