
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৮ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল হাসান তাঁদের জামিন মঞ্জুর করেন।
এর আগে জামিন নিতে ৪৮ নেতা–কর্মী আদালতে হাজির হয়ে আবেদন করেন। শুনানি শেষে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত সবার জামিন মঞ্জুর করেন আদালত।
গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। দুটি কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই দিন রামগতি ও কমলনগর থানায় আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপি নেতা শাহ মো. শিব্বির, মাহবুবুর রহমান, অপরূপ দাস, ইব্রাহিম হোসেন, মোরশেদ আলম, আবু ছায়েদ দোলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নেতা-কর্মীরা। আজ ওই মামলায় নিম্ন¤আদালতে আত্মসমর্পণ করেন ৪৮ নেতা-কর্মী। পরে আদালত শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের কপি পাননি। কপি পেলে জামিন মঞ্জুরের বিরুদ্ধে আপিল করা যায় কি না, খতিয়ে দেখা হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী হাছিবুর রহমান বলেন, মিথ্যা–গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রাম দমানো যাবে না। বানোয়াট অভিযোগে করা এসব মামলার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় নেতা-কর্মীদের হয়রানি করা। মামলার অভিযোগের আইনগত ভিত্তি নেই। সারা দেশে সরকার পতনের যে আন্দোলন শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। এ জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরবেন না।