ঝালকাঠি

‘এক মাসেও মাংস জোটে না’

সপ্তাহের সাত দিনই ডাল-আলুভর্তা কিংবা এক পদের সবজির তরকারি দিয়ে পাঁচজনের খাবার জোগান দিতে হয় কিস্তাকাঠির মাহেনুর বেগমকে।

শুক্রবার সকালে ঝালকাঠি কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকায় মাহেনুর বেগম ও মুদি দোকানি সত্তার মিয়া
ছবি: প্রথম আলো

ঝালকাঠির কিস্তাকাঠি আবাসন এলাকার মাহেনুর বেগম (৪৫) মুদিদোকানে ৫০০ গ্রাম তেল, ২৫০ গ্রাম মসুর ডাল কিনতে এসে ১৫০ টাকার মধ্যে ৫০ টাকা বাকি রাখলেন। কারণ, তাঁর কাছে যে টাকা আছে, তা দিয়ে এক পদের সবজি কিনতে হবে। সপ্তাহের সাত দিনই ডাল-আলুভর্তা কিংবা এক পদের সবজির তরকারি দিয়ে পাঁচজনের খাবার জোগান দিতে হয় মাহেনুরকে।

জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শুধু মাহেনুর বেগমই নন, কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকার দুটি ব্যারাকের ৪৫০টি বসতঘরের প্রায় দুই হাজার বাসিন্দার প্রায় একই রকম পরিস্থিতি।

গতকাল শুক্রবার সকালে কিস্তাকাঠি আবাসন এলাকায় কথা হয় মাহেনুর বেগমের সঙ্গে। তিনি বলেন, একটি কারখানায় কাজ করে মাসে চার হাজার টাকা বেতন পান তিনি। এর মধ্যে একটি সমিতিতে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা ঋণের কিস্তি দিতে হয়। যা থাকে, তা দিয়ে পাঁচজনের সংসার চালাতে হয়। স্বামী অসুস্থ থাকায় কোনো কাজ করতে পারেন না। তাঁকে কোনো ওষুধ কিনে খাওয়াতে পারেন না।

আবাসন প্রকল্পের অপর এক বাসিন্দা গোলেনুর বেগম (৫০) বলেন, ‘ডাইল-আলুবার্তা খাইতে খাইতে শরীরে কোনো চর্বি নাই। মাসের মধ্যে এক বেলাও মাছ-মাংস জোটে না। ব্যবসায়ীরা সুযোগ পাইলেই দাম বাড়ায়। সরকারও হ্যাগো কিছু কয় না।’

জাকিয়া বেগম (৪০) বলেন, ‘পাঁচটা গরু পাইল্লা সংসার চালাই। যা আয় অয়, হে দিয়া খাওন জোগাইতেই দিশা পাই না। হেরপর আবার গরুর খাওন তো আছেই। ঘরের চালা ফুডা অইয়া বৃষ্টির পানি পড়ে, টাহাপয়সার অভাবে মিস্ত্রি লইতে সাহস পাই না।’

আবাসন প্রকল্প এলাকার বাসিন্দারা ছাড়াও ঝালকাঠি শহরের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশাহারা হয়ে পড়েছেন।

গতকাল সকালে শহরের বড় বাজারে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভের কথা জানা যায়। ডিম কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মশিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ফার্মের ডিম হালিতে ৪ টাকা বেড়ে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। চাল, চিনি ও ময়দার দামেও ঊর্ধ্বগতি। এখন বেতনের টাকা বাজার করতে গিয়েই মাসের ১৫ তারিখ শেষ হয়ে যাচ্ছে। পরের দিনগুলো আবার ধার করে চলতে হচ্ছে।

গৃহিণী হাফসা ফৌজিয়া বলেন, ‘আগে সপ্তাহের বাজার বড় দোকান থেকে একবারে কিনতাম। এখন দ্রব্যমূল্য বেশি হওয়ায় পাড়ার দোকান থেকে তেল, চিনি, আটা ৫০০ গ্রাম করে অল্প কিনছি। এতে প্রথমে লজ্জা লাগলেও এখন মানিয়ে নিছি।’ সবজি বিক্রেতা সামছু মিয়া বলেন, কৃষকদের কাছ থেকেই তাঁদের বেশি দামে সবজি কিনতে হয়। বিক্রিতে লাভ না থাকলে তাঁদের সংসার চলবে কীভাবে।

ঝালকাঠির ভোগ্যপণ্যের পাইকারি বিক্রেতা ইকবাল অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. রনি বলেন, সব পণ্যের দামের সঙ্গেই ট্রাকভাড়া যুক্ত। জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাকভাড়া ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। তাই পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বেড়ে গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠির উপপরিচালক ইন্দ্রানী দাস বলেন, ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেওয়া মূল্যে পণ্য বিক্রি করছেন কি না কিংবা দোকানে টাঙানো মূল্যতালিকা অনুযায়ী বিভিন্ন পণ্য বিক্রি করছেন কি না, সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে। এসব অমান্য করলেই ভোক্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।